পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। হড়পা বানের জেরে এখনও পর্যন্ত ৯৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। জোরকদমে উদ্ধারকাজ চললেও, এর মাঝেই মঙ্গলবার সকালে নতুন করে বন্যা ও হড়পা বানের সতর্কতা জারি করল নেপাল প্রশাসন।

প্রশাসনের তরফে পূর্ব, মধ্য এবং পশ্চিম নেপালের একাধিক জেলায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নুয়াকোট এবং রসুয়া জেলায় ফের হড়পা বান ধেয়ে আসার প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালধুঙ্গা, রামেচাপ, গোর্খা, লামজুং, ডলপা এবং রুকুম পূর্ব ও পশ্চিমের মতো জেলাগুলিতেও জলস্তর বৃদ্ধির কারণে মাঝারি বন্যার ঝুঁকি রয়েছে। ফলে নদী বা নিচু এলাকা সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক মর্মান্তিক দৃশ্য সামনে আসছে। নুয়াকোট এলাকায় একটি মাত্র বাড়ি থেকেই ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, ওই মৃত ব্যক্তিরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। একদিকে স্বজন হারানোর কান্না এবং নিখোঁজদের জন্য হাহাকার, আর অন্যদিকে নতুন করে দুর্যোগের পূর্বাভাস সব মিলিয়ে নেপালে এখন চরম আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।