পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় এবং আপৎকালীন পরিস্থিতি আরও দ্রুততার সঙ্গে মোকাবিলা করতে ‘অর্জুন বাহিনী’ নামে একটি বিশেষ দল গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি জানান, প্রথম দফায় রাজ্য সৈনিক বোর্ডের ২০০ জনকে নিয়ে এই বাহিনী তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ৪০ বছরের কম বয়সি কর্মীরাই এই বাহিনীতে নিযুক্ত হচ্ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের এই বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিকূল পরিস্থিতিতে কাজ করার দক্ষতা বাড়াতে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর ধাঁচেই আধুনিক সরঞ্জাম দিয়ে এই অর্জুন বাহিনীকে সাজিয়ে তোলা হবে।

মূলত পাহাড় এবং সুন্দরবনের মতো যে সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বেশি, সেখানেই তাঁদের মোতায়েন করা হবে। প্রশাসন সূত্রে খবর, কলকাতা ও পাহাড়ে ১০০ জন করে এবং সুন্দরবন এলাকায় ৫০ জনকে আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিযুক্ত করা হবে।
এই বাহিনীর সদস্যদের বেতন এবং ক্ষতিপূরণের বিষয়টিও এদিন স্পষ্ট করেছে রাজ্য সরকার। বাহিনীর প্রধান অর্থাৎ ‘বীর নায়ক’-কে মাসে ৪০ হাজার টাকা এবং বাহিনীর সাধারণ সদস্য বা ‘বীর’-দের মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রতি বছর ৩ শতাংশ হারে এই বেতন বাড়বে। এছাড়া, উদ্ধারকাজ চালাতে গিয়ে প্রাণহানি হলে এককালীন ১০ লক্ষ টাকা এবং গুরুতর আঘাতের ফলে শারীরিক অক্ষমতা তৈরি হলে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফে।