পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার কলকাতার হগ মার্কেটের সামনে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থেকে খুচরো বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, হঠাৎ করেই চিনি এবং আনাজের দাম বেশ খানিকটা বেড়েছে। তবে রাজ্যে উৎপাদিত হওয়া সত্ত্বেও কেন চালের দাম বাড়ছে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
এদিন পূর্বতন সরকারগুলিকে নিশানা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের আমলে ক্রেতাসুরক্ষা দফতর চূড়ান্ত অবহেলিত ছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও এই ধরনের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, জিনিসপত্রে ওজনে কারচুপি এবং খাবারে কৃত্রিম রং মেশানো নিয়ে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মাছ, সবজি তাজা দেখাতে বা মিষ্টিতে যে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে, তা আদতে বিষ। এই অসাধু কাজের সঙ্গে পুলিশ, ক্রেতাসুরক্ষা আধিকারিক বা ফুড ইন্সপেক্টরদের একাংশও জড়িত থাকতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এক সপ্তাহব্যাপী এই প্রচার অভিযান শুরু হয়েছে।আরও পড়ুন:
খাবারে ভেজালের পাশাপাশি ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। প্রতারণা রুখতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি একটি সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, মাত্র দিন দশেক আগে নিউ টাউনে বিধাননগর পুলিশ কমিশনারেট তল্লাশি চালিয়ে একটি চক্রের পর্দাফাঁস করেছে। সেখানে একটি খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে ১২০ জন ভুয়ো বুকিং নিয়ে সাধারণ মানুষের টাকা হাতানোর কাজ করছিল। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সকলকে আরও বেশি সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।