নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাবে বিহার ও উত্তরপ্রদেশের নদীগুলিতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই বিহারের বিভিন্ন এলাকায় বন্যার জলে ভেসে আসছে নানা ধরনের মাছ। অপরিচিত প্রজাতির মাছ খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার খবরের পর সতর্কতা জারি করেছে বিহার প্রশাসন।
আরও পড়ুন:
বিহারের প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার জল থেকে মাছ ধরা, কেনাবেচা এবং খাওয়া বন্ধ রাখতে হবে। প্রশাসনের আশঙ্কা, বন্যার জলে ভেসে আসা মাছ দূষিত নর্দমার জল, মৃত প্রাণী ও অন্যান্য দূষকের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া, ভাইরাস বা রোগজীবাণু বহন করতে পারে।
আরও পড়ুন:
নেপালের ত্রিশূলী নদীর জল গণ্ডক ও কোসি নদীতে এসে পড়ায় উত্তর বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নেপাল প্রশাসনের তরফেও বাসিন্দাদের একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নেপালে ভয়াবহ বন্যায় ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। পাশাপাশি বিপুল সংখ্যক গবাদি পশুরও মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বন্যার জলে ভেসে আসা মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।