পুবের কলম, মু্ম্বাই: মুম্বাই সংলগ্ন তুর্ভে শিল্পাঞ্চলে ভয়াবহ এক খাদ্য নিরাপত্তা কারচুপির পর্দাফাঁস করল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং নভি মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। মেয়াদোত্তীর্ণ বা অকেজো প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে থাকা 'ম্যানুফ্যাকচারিং' ও 'এক্সপায়ারি' তারিখ পরিবর্তন করে নতুন স্টিকার লাগিয়ে বাজারে বিক্রির অভিযোগে একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ থেকে ২৯ আগস্টের মধ্যে তুর্ভের টিটিসি ইন্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ‘সাদনা এন্টারপ্রাইজেস’-এ যৌথ পরিদর্শন চালিয়ে এই র্যাকেটের সন্ধান পান কর্মকর্তারা।

তদন্তে জানা গেছে, মেয়াদ শেষ হয়ে যাওয়া খাদ্যপণ্যের মূল লেবেল তুলে ফেলে নতুন ভুয়া স্টিকার লাগানো হতো।

শুধু তা-ই নয়, পুরনো এক্সপায়ারি ডেটের জায়গায় নতুন তারিখ প্রিন্ট করে মেয়াদোত্তীর্ণ সামগ্রীকে তাজা পণ্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। বাজেয়াপ্ত করা সামগ্রীর তালিকায় নামী ব্র্যান্ডের জনপ্রিয় বহু পণ্য রয়েছে। ম্যাগি, লেস, কুরকুরে, ফান ফ্লিপস, ম্যাগি মশলা, আটা নুডুলস সহ একাধিক 'রেডি-টু-ইট' এবং 'রেডি-টু-কুক' খাদ্যপণ্য।

অভিযানে ১০টি রফতানিকারক সংস্থার সাথে যুক্ত ৮,৪৪২ কার্টন ভর্তি খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭৫,২১,২৬৯ টাকা।

এর পাশাপাশি লেবেলহীন ও মেয়াদোত্তীর্ণ আরও ৩০,৬০০ টাকার পণ্য উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত মালের পরিমাণ প্রায় ৭৫.৫২ লাখ টাকা। প্রশাসন জানিয়েছে, অনিয়ম ধরা পড়ার পরপরই 'সাদনা এন্টারপ্রাইজেস'-এর ফুড লাইসেন্স বাতিল করেছে এফডিএ। 'ইউনিক ফ্র্যাগরেন্সেস' ও 'প্রিস্টিন ওয়ার্ল্ডওয়াইড' নামের দুটি সংস্থায় তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় এফএসএসএআই লাইসেন্স ও ক্রয়ের রসিদ না পাওয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন এবং নতুন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তুর্ভে থানায় মামলা রুজু হয়েছে।