পুবের কলম ওয়েবডেস্ক, সহপাঠীদের সঙ্গে প্রজেক্টের কাজ করতে গিয়ে মাঝপথে নিখোঁজ হয়েছেন কাটোয়ার এক কলেজ পড়ুয়া। এই নিখোঁজ ছাত্রের নাম প্রিয়াংশু দেবনাথ, যার বাড়ি কাটোয়ার পানুহাট এলাকায়। ম্যানেজমেন্টের ছাত্র ১৯ বছর বয়সী প্রিয়াংশু প্রজেক্টের কাজে জয়পুরে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উত্তরপ্রদেশে ছুটে গেলেও কোনো ইতিবাচক ফল মেলেনি। প্রিয়াংশুর বাবা প্রসূন দেবনাথ পেশায় ব্যবসায়ী এবং মা পিঙ্কি দেবী গৃহবধূ। কলকাতায় একটি বেসরকারি কলেজে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন ওই নিখোঁজ ছাত্র।

নিখোঁজ ছাত্রের জেঠা প্রদীপ দেবনাথ জানান, গত ২০ আগস্ট কলেজের ১২ জন পড়ুয়া প্রজেক্টের কাজে জয়পুরে গিয়েছিল। সেখান থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেন ধরে তারা ফিরছিলেন।

গত বৃহস্পতিবার রাতে ট্রেন থেকেই প্রিয়াংশু নিখোঁজ হন। প্রদীপ দেবনাথ বলেন, যতটা জানতে পারছি, ওরা ফেরার জন্য বৃহস্পতিবার সকালে ট্রেন ধরেছিল। রাত ৯টা নাগাদ ট্রেনটি কানপুর স্টেশন ছাড়ে। সেই সময়ে প্রিয়াংশু মোবাইল ফোন চার্জে বসিয়ে বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে আসন থেকে ওঠে। কিন্তু তারপর সে আর নিজের আসনে ফিরে আসেনি।
সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি এবং বিষয়টি রেল পুলিশ বা জিআরপিকে জানায়।

নিখোঁজ ছাত্রের সন্ধানে তাঁর বাবা ও জেঠাসহ ছয়জন সদস্য উত্তরপ্রদেশে গিয়েছিলেন। কিন্তু সেখানে প্রিয়াংশুর কোনো খোঁজ না পাওয়ায় তাঁরা আজ বাড়িতে ফিরে এসেছেন। প্রদীপ দেবনাথ আরও বলেন, রেল পুলিশের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অনুমান করা হচ্ছে, উত্তরপ্রদেশের ফতেপুর এবং খাগা স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ট্রেন থেকে প্রিয়াংশু নিখোঁজ হয়েছে। আমরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছি। ওর ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। তবে আদৌ এতে কোনো সুরাহা হবে কি না, তা নিয়ে আমরা নিশ্চিত নই।