পুবের কলম ওয়েব ডেস্ক: জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতির তদন্তে নেমে বুধবার সকালে ফের কলকাতায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সাতসকালে শেক্সপিয়র সরণির একটি আবাসনে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছয় সদস্যের একটি দল। ওই আবাসনেই এক ব্যবসায়ীর ফ্ল্যাট এবং তাঁর অফিস রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে আবাসনটি ঘিরে রেখে দীর্ঘক্ষণ এই তল্লাশি চলে।
আরও পড়ুন:
ইডি সূত্রে খবর, টোল প্লাজায় দুর্নীতির অভিযোগ প্রথম দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের লখনউতে। অভিযোগ, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার টোল আদায় করা হত। অনুমোদিত নয় এমন ভুয়ো রসিদ দিয়ে এই টাকা আদায় করে তা কৌশলে সরিয়ে ফেলা হত। আলাদা সফটওয়্যার ব্যবহারের কারণে সরকারি খাতায় এর কোনও হিসাব ধরা পড়ত না।
আরও পড়ুন:
এই দুর্নীতির তদন্তে নেমে ডিজিটাল প্রমাণ ও নথিপত্র উদ্ধারের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। এই অবৈধ টাকা কার কার কাছে পৌঁছেছে, সেই যোগসূত্র খুঁজতেই বুধবার পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। কলকাতা ছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতেও অভিযান চালানো হয়েছে। তবে কলকাতা থেকে এই তদন্তে কী কী তথ্য পাওয়া গিয়েছে, সে বিষয়ে ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত কিছু জানাননি।