পুবের কলম ওয়েব ডেস্ক: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন গোটা দেশের তরুণ প্রজন্ম বা জেন জি-র মধ্যে বিপুল সাড়া ফেলেছিল। শান্তিপূর্ণ সেই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রীর ইস্তফার পর এবার সেই তরুণ প্রজন্মকেই কাছে টানতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সিজেপি-র প্রতিবাদের পর এই প্রথমবার সরাসরি জেন জি-র মুখোমুখি হতে চলেছেন তিনি।

আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, সেখানে তিনি শুধু ভাষণই দেবেন না, পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বসে পড়ুয়াদের নানা অভাব-অভিযোগ ও মতামতও শুনবেন।

সিজেপি আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে শুধুমাত্র ভিডিও বার্তা দিয়েছিলেন। তাই তাঁদের সঙ্গে মোদির এই সরাসরি সাক্ষাৎকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, জেন জি-র মন জয় করতে কেন্দ্র সরকার এবং দলের তরফেও ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের অভাব-অভিযোগ শোনার জন্য। শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং বেকারত্ব দূর করতে সরকার কী কী কাজ করছে, তা সরাসরি তরুণদের সামনে তুলে ধরবেন তাঁরা। পাশাপাশি, বর্তমান প্রজন্মের সঙ্গে জনসংযোগ আরও মজবুত করতে মন্ত্রীদের সোশাল মিডিয়ায় আরও বেশি করে সক্রিয় হওয়ার এবং রিচ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।