কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিত্তথলির পাথরের অস্ত্রোপচারের বদলে ভুল করে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর রোগী গোপাল পোড়েলের সঙ্গে যোগাযোগ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর। আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে দপ্তরের তরফে গোপালবাবুকে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিও চেয়ে পাঠানো হয়েছে।

বেলেঘাটার বাসিন্দা ৪৭ বছরের গোপাল পোড়েল একশো দিনের কাজ করেন।

বেশ কিছুদিন ধরে পেটের ডানদিকে ব্যথা থাকায় পরীক্ষা করালে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। তাঁর অভিযোগ, এনআরএসে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের কথা থাকলেও ভুল করে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। পরে গলব্লাডারের অস্ত্রোপচারের জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছিল। যদিও এনআরএস কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। এদিকে আর্থিকভাবে অসহায় গোপালবাবুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর।