পুবের কলম, ওয়েবডেস্ক: আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাকিস্তান-সমর্থিত জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। গত ৩১ আগস্ট কামরূপ জেলার চাংসারির গৌরীপুর এলাকা থেকে অভিযুক্ত মৃগেন সালোইকে আটক করা হয়। তিনি মূলত নলবাড়ি জেলার বেলসর গ্রামের বাসিন্দা এবং গত এক বছর ধরে স্থানীয় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় তাঁর কাছ থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলোতে রাষ্ট্রবিরোধী প্রমাণের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
মৃগেন সালোইয়ের গ্রেফতারের মধ্য দিয়ে এই নির্দিষ্ট এসবিএন জঙ্গি মডিউল মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। এই নেটওয়ার্কটির পরিধি কত দূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কোন কোন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে আসাম পুলিশের বিশেষ দল তদন্ত অব্যাহত রেখেছে।