আরব দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে এসব ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও কঠোর ও ধ্বংসাত্মক জবাবের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের রাজনৈতিক বিষয়ক ডেপুটি জেনারেল যাদুল্লাহ জাভানি এই সতর্কবার্তা দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আরব দেশগুলোর উচিত নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়া এবং তাদের সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়া।জাভানি বলেন, “আমেরিকানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ঘাঁটিগুলো ফেরত নেওয়াই উত্তম হবে।”
আরও পড়ুন:
তিনি আরও সতর্ক করে বলেন, কুয়েত, বাহরাইন, জর্ডান কিংবা অন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে ইরানের সশস্ত্র বাহিনী তার “চূড়ান্ত ও ধ্বংসাত্মক” জবাব দেবে। তাঁর এই মন্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।