পুবের কলম ওয়েব ডেস্ক: অতীতের সমস্ত মনোমালিন্য ভুলে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে ফের জোট বাঁধতে চলেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (সপা)। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেই লক্ষ্যেই এই জোট কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই দুই দল একসঙ্গে লড়ে বেশ ভালো ফল করেছিল। তবে জোট নিশ্চিত হলেও, আপাতত আসন ভাগাভাগি নিয়ে দুই শিবিরের মধ্যে জোর দড়ি টানাটানি শুরু হয়েছে।

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি চায় কংগ্রেস ৭৫টি আসনে লড়ুক এবং বাকি ৩০০-র বেশি আসন সপার জন্য বরাদ্দ থাকুক।

কিন্তু এই প্রস্তাবে কংগ্রেস মোটেও খুশি নয়। তাদের যুক্তি, ২০১৭ সালে যখন সপা রাজ্যে ক্ষমতায় ছিল, তখন জোটে লড়ে কংগ্রেস ১০৫টি আসন পেয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবার তাদের আসন সংখ্যা আরও বাড়ানো উচিত। তারা অন্তত ১১৫ থেকে ১২০টি আসনে লড়তে চাইছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজেন্দ্র পাল গৌতমের দাবি, তাঁদের অন্তত ২০০টি আসন ছাড়া হোক।

সপার পালটা যুক্তি হলো, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ১৭টি আসন ছাড়া হয়েছিল, যার মধ্যে তারা ৫টিতে জেতে। সেই হিসাব অনুযায়ী বিধানসভায় কংগ্রেসের ৮৫টি আসন প্রাপ্য। কিন্তু বেশ কিছু জেলায় কংগ্রেসের কোনও সংগঠন না থাকায় তাদের ৭৫টি আসন দেওয়া যৌক্তিক বলে মনে করছে অখিলেশ শিবির। এছাড়া, জোটের ভারসাম্য বজায় রাখতে কয়েকটি জায়গায় কংগ্রেসের টিকিটে নিজেদের প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনাও রয়েছে সপার। ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে জোট চূড়ান্ত হলেও আপাতত আসন সংখ্যা নিয়েই দুই দলের মধ্যে দর কষাকষি চলছে।