পুবের কলম ওয়েব ডেস্ক: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিজের প্রাপ্য সরকারি বাংলোর দখল পাননি জগদীপ ধনকড়। নিয়ম অনুযায়ী, প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর একটি সুসজ্জিত টাইপ এইট বাংলো পাওয়ার কথা রয়েছে। কিন্তু সেই সরকারি বরাদ্দ না মেলায় বর্তমানে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ছেলে অভয় সিং চৌটালার ফার্মহাউসেই দিন কাটাতে হচ্ছে অসুস্থ জগদীপ ধনকড়-কে।

ভাইস প্রেসিডেন্টস পেনশন অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী, প্রাক্তন উপরাষ্ট্রপতিরা মাসিক ২ লক্ষ টাকা পেনশনের পাশাপাশি বিনামূল্যে টাইপ এইট বাংলো, বিদ্যুৎ, জল, ফোন, আসবাব, রেল ও বিমানে যাতায়াত এবং উন্নত চিকিৎসার সুবিধা পাওয়ার অধিকারী।

ধনকড়ের পূর্বসূরি এম ভেঙ্কাইয়া নায়ডু পদ ছাড়ার মাত্র দু'মাসের মধ্যেই তাঁর প্রাপ্য বাংলো বুঝে পেয়েছিলেন। অথচ বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ইস্তফা দেওয়ার ছ'সপ্তাহ পর থেকেই অন্যের ফার্মহাউসে থাকতে বাধ্য হচ্ছেন। কয়েক দিনের জন্য সেখানে থাকার কথা থাকলেও দীর্ঘ এক বছর ধরে তিনি সেখানেই দিনযাপন করছেন।

এরই মধ্যে প্রাক্তন উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থাও বিশেষ ভালো নেই।

গত জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলার রাজ্যপালের দায়িত্ব সফলভাবে সামলানোর পর তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। এরপর ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই পদত্যাগ করে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে নিজের প্রাপ্য বাংলো না পাওয়া নিয়ে জগদীপ ধনকড় বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।