পুবের কলম ওয়েব ডেস্ক: রণক্ষেত্র মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে না জড়ালেও আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধ জোরদার করতে ইরানকে গোপনে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এর একটি চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩ সাল থেকে ইরানকে অত্যাধুনিক ‘সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ তৈরির কাজে সহায়তা করে আসছে মস্কো। এই সামরিক সহায়তার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনী তথা ওয়াশিংটনকে চাপে ফেলা।

রিপোর্ট অনুযায়ী, এই গোপন কর্মসূচির সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘সি৪৩০এল’। এই প্রকল্পের সঙ্গে রাশিয়ার বেশ কয়েকজন অভিজ্ঞ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ সরাসরি যুক্ত রয়েছেন।

তাঁদের সহায়তায় মূলত ইরানের জন্য এমন এক ‘র‍্যামজেট প্রপালশন সিস্টেম’ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির চেয়ে বহুগুণ দ্রুত ছোড়া সম্ভব। অত্যন্ত গতিসম্পন্ন এবং নিচু দিয়ে ওড়ার ক্ষমতার কারণে প্রচলিত আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলিকে সহজে শনাক্ত বা প্রতিহত করতে পারে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে দুই দেশের সামরিক যোগাযোগ কেবল সাধারণ অস্ত্র কেনাবেচায় আটকে নেই। বরং ক্ষেপণাস্ত্র তৈরির উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতাও সরাসরি তেহরানের হাতে তুলে দিচ্ছে মস্কো, যা ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। তবে এই ধরনের উন্নত ক্ষেপণাস্ত্রগুলি ইরান বাস্তবে কোনও যুদ্ধে এখনও প্রয়োগ করেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।