পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় কড়া অবস্থান নিল জাতীয় মানবাধিকার কমিশন। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে কমিশন জানিয়েছে, এই ভয়াবহ ঘটনাটি সত্য হলে তা মানবাধিকার লঙ্ঘনের এক অত্যন্ত গুরুতর উদাহরণ। এই প্রেক্ষাপটে দিল্লি ও গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার এবং মৈনপুরীর পুলিশ সুপারকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশনের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, জমা দেওয়া রিপোর্টে তদন্তের বর্তমান অগ্রগতি এবং নির্যাতিতা কিশোরীকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা, তার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, উত্তর প্রদেশের মৈনপুরীর বাসিন্দা এবং একাদশ শ্রেণির ওই ছাত্রী মায়ের বকুনি খেয়ে ঘর ছেড়েছিল। নয়ডা সেক্টর ৬৩-এ থাকা এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সে রওনা দেয়। গত ৪ আগস্ট রাতে ভারী বৃষ্টির মধ্যে প্রায় ৯টা নাগাদ ভুলবশত সে গ্রেটার নয়ডার পরী চকে নেমে পড়ে। নাবালিকা যখন গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ির খোঁজ করছিল, তখন একটি প্রাইভেট স্লিপার বাস সেখানে এসে দাঁড়ায়। বাসের কন্ডাক্টর তাকে সেক্টর ৬৩-এ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে তুলে নেয়। পুলিশ জানিয়েছে, বাসটি ছাড়ার পর চালক ও কন্ডাক্টর মিলে চলন্ত বাসেই নাবালিকাকে গণধর্ষণ করে। এরপর তাকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পুরনো দিল্লির কাশ্মীরি গেটের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।