পুবের কলম ওয়েব ডেস্ক: প্রায় দেড় বছর ধরে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই নিজের দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্ষমতার জন্য নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তিনি দেশে ফিরতে চান। তাঁর মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটকে অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া যায় না। দেশে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দিয়েছে এবং ঢাকা ক্রমাগত তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আর্জি জানাচ্ছে।

এই টানাপোড়েনের মাঝেই তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এই প্রত্যর্পণ বিতর্কের পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তীব্র আক্রমণ করেছেন হাসিনা। ভারতে বসে তাঁর বিভিন্ন কর্মসূচি নিয়ে তারেক রহমানের আপত্তির কড়া জবাব দিয়েছেন তিনি। হাসিনা স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালে রাজনীতি করবেন না বলে স্ট্যাম্প পেপারে মুচলেকা দিয়ে ব্রিটেনে গিয়েছিলেন তারেক রহমান।

কিন্তু সেখানে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভা করা থেকে শুরু করে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন  সবই করেছেন তিনি।

 হাসিনা জানান, একজন পলাতক ব্যক্তি হয়েও তারেকের এই রাজনৈতিক সক্রিয়তা নিয়ে তাঁর সরকার কখনও ব্রিটিশ সরকারের কাছে কোনও অভিযোগ জানায়নি। তাই এখন তাঁর সাংবাদিক বৈঠক বা কর্মসূচি নিয়ে বর্তমান সরকার কেন আপত্তি তুলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে, তাঁর দেশে ফেরার বিষয়টিকে যেন ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা না হয়, সেই বার্তাও দিয়েছেন হাসিনা।