পুবের কলম, নয়াদিল্লি: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সফরে তিনি বিশ্বের অন্যতম উঠতি অর্থনীতির দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক মঙ্গলবার নিশ্চিত করেছেন, এই সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা জারি করা হবে।
 
রাষ্ট্রসংঘের শীর্ষ পদে দুই মেয়াদের দশ বছরের দীর্ঘ কার্যকালের পর আগামী ডিসেম্বরে পদত্যাগ করতে চলেছেন গুতেরেস। মহাসচিব হিসেবে এটি তাঁর পঞ্চম ভারত সফর এবং চলতি বছরে দ্বিতীয় সফর হতে যাচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট'-এ যোগ দিয়েছিলেন। অতি সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সমাপ্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে উপস্থিত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।
 
আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ১০ সদস্যের ব্রিকস সম্মেলনে বিশ্ব রাজনীতির হেভিওয়েট নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিতি থাকছেন। চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে পুতিন ও শি জিনপিং উভয়েই অনুপস্থিত থাকবেন। ফলে দায়িত্ব ছাড়ার আগে পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে খোলামেলা বা আনুষ্ঠানিক আলোচনার জন্য গুতেরেসের কাছে এটিই শেষ সুযোগ হতে পারে।