বঙ্গে ফের পুরভোটের তোড়জোড়। দুর্গাপুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়।

বৈঠকে পুজোর আগেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকরা বৈঠকে অংশ নেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য কত সংখ্যক পুলিশ প্রয়োজন, তা-ও সংশ্লিষ্ট জেলাগুলির কাছে জানতে চেয়েছে কমিশন।
কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রয়োজনীয় ভোটকর্মী নিয়োগ, পুর এলাকার সীমানা নির্ধারণ এবং আসন সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ এবং অক্টোবরের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
বকেয়া পুরসভাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর ও শিলিগুড়ি-সহ পাঁচটি পুরনিগম। এছাড়াও কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, বালি, ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প ও নলহাটির মতো একাধিক পুরসভায় নির্বাচন বকেয়া রয়েছে।
তবে পুরভোট এক দফায় হবে, নাকি একাধিক দফায়—তা এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমেই ভোট হবে, নাকি নতুন ইভিএম আনা হবে, সেই সিদ্ধান্তও এখনও হয়নি। তবে কমিশনের তৎপরতায় স্পষ্ট, পুজোর পর বকেয়া পুরসভাগুলিতে ভোট করানোর লক্ষ্যে প্রস্তুতি জোরকদমে এগোচ্ছে।