দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরব হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং ইসরায়েলকে ‘মহাশয়তান’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন:
গালিবাফ তাঁর বার্তায় দক্ষিণ ইরানের মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাক এলাকায় বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর অভিযোগ, নিরপরাধ শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা শয়তানের মতো কর্মকাণ্ডেরই পরিচয় বহন করে।
আরও পড়ুন:
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো ‘মহাশয়তান’।’’
আরও পড়ুন:
মার্কিন হামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার পর পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। পাল্টাপাল্টি হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।