দিল্লিতে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ৩১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সরব হয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস। বিরোধীদের প্রশ্ন, এক বছর আগে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি যদি জয়ী হয়ে থাকে, তাহলে মাত্র এক বছরের মধ্যে এত বিপুল সংখ্যক ভোটারের নাম কীভাবে তালিকা থেকে বাদ গেল?
আরও পড়ুন:
২০২৫ সালের বিধানসভা নির্বাচনের সময় দিল্লিতে ভোটারের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৫ লক্ষ। SIR-এর পর খসড়া তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৯৭ লক্ষে।
এই হিসাব সামনে রেখে আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করেছেন। তাঁর দাবি, দিল্লিতে আপের তুলনায় বিজেপি মাত্র সামান্য বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। এখন যদি ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ যায়, তাহলে সেই নির্বাচনে বিজেপি কার ভোটে জয়ী হয়েছিল, তা নিয়েই প্রশ্ন উঠছে।আরও পড়ুন:
কেজরিওয়ালের অভিযোগ, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার ফলে দিল্লি নির্বাচনের ফলাফল নিয়েও সংশয় তৈরি হচ্ছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতও একই প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে সরব হয়েছেন।
আরও পড়ুন:
তবে খসড়া তালিকা প্রকাশের পরই নাম বাদ যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মৃত, অন্যত্র চলে যাওয়া, অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবেই বহু নাম আপাতত বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তির সুযোগও থাকবে।
আরও পড়ুন:
এদিকে বিরোধীদের আক্রমণের মুখে বিজেপিও পালটা প্রস্তুতি শুরু করেছে। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা দলের কর্মীদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।