পুবের কলম ওয়েব ডেস্ক: সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল। ডায়মন্ড হারবারের এক বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাইবার ক্রাইম থানায় এই মামলাটি দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আগামী শনিবার বেলা ১১টায় কৃষ্ণনগরের সাংসদকে তলব করেছে পুলিশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, গত ১ সেপ্টেম্বর রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন মহুয়া। সেখানে তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠানে রাজ্যের সংখ্যালঘু আইপিএস এবং আইএএস আধিকারিকদের ব্রাত্য করে রাখা হয়েছিল। ওই পোস্টে শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফের ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদের নাম উল্লেখ করে তিনি দাবি করেন যে, ইচ্ছাকৃতভাবেই তাঁদের ওই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি। সাংসদের এই মন্তব্যে আপত্তি তুলেই ডায়মন্ড হারবারের ওই ব্যক্তি সাইবার ক্রাইম থানায় সাম্প্রদায়িক উসকানির অভিযোগটি দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে কৃষ্ণনগর সার্কিট হাউসে নিজের ওপর ডিম হামলার ঘটনা নিয়ে মামলা করতে গিয়ে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। তবে সেবার আদালতের নির্দেশ মেনে তিনি থানায় হাজিরা দিয়েছিলেন। এবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় সাংসদ গ্রেপ্তার হতে পারেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি আগামী শনিবার তিনি ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।