পুবের কলম ওয়েব ডেস্ক:  নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই আইনের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো দিল্লির চাণক্যপুরীর বঙ্গ ভবনে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে স্বরাষ্ট্র দপ্তর-সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির আগামী দিনের কর্মপদ্ধতি ও আলোচনার দিকনির্দেশ ঠিক করা হয়েছে।

এই কমিটির পেশ করা সুপারিশের ভিত্তিতেই খুব দ্রুত পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউসিসি বিল পেশের পরিকল্পনা রয়েছে সরকারের।

গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে ইউসিসি কার্যকর করা হয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চালাবেন রাজ্যের আধিকারিকরা। এই আইন কার্যকর হলে ফৌজদারি আইনের মতোই দেওয়ানি আইনও সব ধর্মের জন্য সমান হবে এবং শরিয়ৎ আইনের বিলুপ্তি ঘটবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী, জনজাতি বা আদিবাসী সম্প্রদায় এই আইনের আওতার বাইরে থাকবে।

প্রস্তাবিত আইনের খসড়া তৈরির আগে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টন-সহ অন্তত ন’টি নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত সংগ্রহ করবে কমিটি। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রেসিডেন্ট কমিশনার দ্যুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, নৃতত্ত্ববিদ ডঃ রত্না ভট্টাচার্য, শিক্ষাবিদ গোপালচাঁদ মিশ্র, আইনজীবী ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্যের মতো বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি সব পক্ষের মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।