পুবের কলম ওয়েবডেস্ক, উড়ানের মাঝপথে বিমানের কার্গো কম্পার্টমেন্টে ধোঁয়ার সতর্কবার্তা। মুহূর্তেই সতর্ক হয়ে গেলেন পাইলট ও ক্রু। কোনও ঝুঁকি না নিয়ে দিল্লিগামী বিমান ঘুরিয়ে লখনউয়ে জরুরি অবতরণ করানো হলো। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে এই ঘটনা ঘটে। তবে প্রাথমিক তল্লাশিতে বিমানের ভিতরে ধোঁয়া বা আগুনের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

বিমানটি ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান আইএক্স-১২৫৩। প্রায় ১৫৫ জন যাত্রী ও ক্রু নিয়ে সকাল ৮টা নাগাদ বারাণসী থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের পিছনের কার্গো কম্পার্টমেন্টে ধোঁয়া শনাক্ত হওয়ার সতর্কবার্তা সক্রিয় হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট লখনউ বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং অবতরণের অনুমতি চান।

অনুমতি পাওয়ার পর বিমানটি লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

সকাল ৮টা ৫২ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি। অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের জরুরি মোকাবিলা দল, দমকলকর্মী ও প্রযুক্তিবিদেরা ঘটনাস্থলে পৌঁছে যান। সকাল ৯টা ২ মিনিটে যাত্রী ও ক্রুদের বিমান থেকে নামিয়ে আনা হয়। সকলেই নিরাপদে রয়েছেন।

এরপর বিমানটি পরীক্ষা করে দেখা হয়। প্রাথমিক পরিদর্শনে কার্গো কম্পার্টমেন্টে ধোঁয়া বা আগুনের কোনও অস্তিত্ব মেলেনি। ফলে কেন ধোঁয়ার সতর্কবার্তা সক্রিয় হয়েছিল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে প্রযুক্তিগত তদন্ত।