পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝআকাশে যান্ত্রিক গোলযোগের জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (ভাইজাগ) থেকে দিল্লি আসার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তবে পাইলটের তৎপরতায় বিমানে থাকা ১৬০ জন যাত্রী ও ক্রু সদস্যরা সুরক্ষিত রয়েছেন।
 
সূত্রে জানা গেছে, ইন্ডিগোর 6E 579 নম্বর বিমানটি এদিন সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল।

ওড়ার কিছু সময় পরেই বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ বা পূর্ণকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
 
বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েটিকে জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাখা হয়।
প্রোটোকল মেনে রানওয়ের পাশে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছিল। ইঞ্জিন বিকল হওয়ার খবরে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও, নিরাপদ অবতরণের পর স্বস্তির নিশ্বাস ফেলেন সকলে। বিমান সংস্থা জানিয়েছ, যাত্রীদের নামিয়ে আনার পর বিমানটিকে বর্তমানে প্রযুক্তিবিদরা পরীক্ষা করে দেখছেন। ঠিক কী কারণে ইঞ্জিনে এই বিভ্রাট ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।