পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়া বিমান বন্দরে কারিগরি গোলযোগের কারণে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণের ঠিক একদিনের মাথায় ফের বড়সড় বিমান বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। বৃহস্পতিবার দোহা থেকে বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগো ফ্লাইটের মধ্যআকাশে উড্ডয়নকালে পাইলট হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে বিমানে 'মেডে' জরুরি সতর্কতা জারি করে তড়িঘড়ি ওমানের মাস্কাট বিমানবন্দরে সেটিকে ঘুরিয়ে অবতরণ করানো হয়।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দোহা থেকে টেক অফ করার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই আকস্মিক চিকিৎসাসংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হয় এবং বিমানটির নিরাপদ অবতরণ করানো সম্ভব হয়। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যমতে, ইন্ডিগোর এই বিমানটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে ভোর ৩টে নাগাদ দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল।

তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মধ্যআকাশে চালক অসুস্থ বোধ করায় পাইলটরা মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তড়িঘড়ি ওমানের দিকে বিমানটির মুখ ঘুরিয়ে দেওয়া হয়।
 
বিমানে আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি। ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে জারি করা সরকারি বিবৃতি, "আটকে পড়া যাত্রীদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য নতুন ক্রু সদস্যসহ একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মাস্কাট বিমানবন্দরে তাঁদের অপেক্ষার সময় রিফ্রেশমেন্ট ও সময়মতো তথ্য সরবরাহ করে অসুবিধা কমানোর চেষ্টা করা হচ্ছে। ইন্ডিগোর কাছে যাত্রী, বিমানকর্মী এবং বিমানের নিরাপত্তাই সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।"