পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা। তাঁর অভিযোগ, আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। যদিও আপের পালটা দাবি, রাজনৈতিক আদর্শ থেকে সরে যাওয়ার পরই ভোটার তালিকা থেকেও তাঁর নাম বাদ পড়েছে।

পাঞ্জাব-সহ কয়েকটি রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR চলছে। সম্প্রতি প্রকাশিত পাঞ্জাবের খসড়া ভোটার তালিকায় মোহালির ভোটার রাঘব চাড্ডার নাম নেই।

তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ শ্রেণিতে রাখা হয়েছে। SIR-এর আগে পাঞ্জাবের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ, অর্থাৎ ২০.৬৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আপ ও রাঘব চাড্ডার মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আপের দাবি, রাজনৈতিক আদর্শ থেকে সরে যাওয়ার কারণেই তাঁর নাম বাদ পড়েছে। পালটা রাঘবের অভিযোগ, আপ সরকারের আধিকারিকদের মাধ্যমে পরিকল্পিত ভাবে তাঁর নাম ভোটার তালিকা থেকে সরানো হয়েছে।

রাঘব চাড্ডা বলেন, এটি কোনও ভুল নয়, স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা। তাঁর দাবি, দুর্নীতির অভিযোগ তুলে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে। একইভাবে বিজেপিতে যোগ দেওয়া অন্য আপ সাংসদদেরও নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেই আরও ছয় আপ সাংসদের সঙ্গে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। দলত্যাগের সময় তিনি অভিযোগ করেছিলেন, আম আদমি পার্টি তার মূল আদর্শ থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। এবার ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার ঘটনাকেও সেই রাজনৈতিক সংঘাতেরই অংশ বলে দাবি করলেন তিনি।