পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ফের ছাত্র সংগঠনগুলির মিছিল ও পালটা মিছিলে সরগরম হয়ে উঠল। বৃহস্পতিবার ক্যাম্পাসের ভিতরে জাতীয় পতাকা হাতে ‘বন্দে মাতরম যাত্রা’ করে এবিভিপি। তাদের স্পষ্ট দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান বরদাস্ত করা হবে না। অন্যদিকে, ঠিক সেই সময়েই বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে পালটা মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই।
দুই পক্ষের এই কর্মসূচিতেই ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাকর্মীরাও পা মেলান এবং একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।আরও পড়ুন:
এদিন দুপুরে এবিভিপি কর্মীরা ক্যাম্পাসের ভিতরে 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কি জয়' স্লোগান দিয়ে মিছিল করেন। ক্যাম্পাসের দেওয়ালে থাকা বিতর্কিত স্লোগানের জবাব দিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গেটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেওয়ালে সংবিধানে আঁকা নন্দলাল বসুর ছবি-সহ দেশের বরেণ্য মনীষীদের ছবি লাগান। এই কর্মসূচির পাশাপাশি এদিন ক্যাম্পাসের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’-র ডাকে একটি জাতীয়তাবাদী সম্মেলনেরও আয়োজন করা হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত দু'সপ্তাহ ধরে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগাতার উত্তপ্ত রয়েছে। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরে ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এদিকে, বিশ্ববিদ্যালয়ের এই দেওয়াল লিখন বিতর্ক নিয়ে মুখ খুলেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি গানের লাইন উদ্ধৃত করে সংশ্লিষ্ট সব পক্ষকে দেওয়ালের বদলে বাংলার বর্তমান পরিস্থিতি বুঝে সাধারণ মানুষের হৃদয়ে নাম লেখার পরামর্শ দিয়েছেন।