পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার গভীর রাতে কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ে, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জোর করে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী। এই হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যে ছ'জনকে গ্রেপ্তার করেছে। তবে পুরো ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বিকেলে একটি ফেসবুক লাইভে এসে মমতা অভিযোগ করেন, পুলিশের মদতেই বিজেপি আশ্রিত গুন্ডারা রাতের অন্ধকারে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি জানান, দুষ্কৃতীরা অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও জিনিসপত্র লুট করার পাশাপাশি দলের চার কর্মীকে আটকে রাখে।
পুলিশকে 'ভক্ষক' আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী আরও অভিযোগ করেন, জেলায় জেলায় বিজেপি ইতিমধ্যেই তৃণমূলের প্রায় চার হাজার পার্টি অফিস দখল করে নিয়েছে। এর পাশাপাশি, একটি অনুষ্ঠানে গেরুয়া রঙের কার্পেটের ওপর জুতো পরে হাঁটার জন্য বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি।আরও পড়ুন:
এর আগে বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভোর সাড়ে চারটে নাগাদ সশস্ত্র দুষ্কৃতীরা অফিসে ঢুকে কর্মীদের উপর হামলা চালায়, মোবাইল কেড়ে নেয় এবং আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক সরঞ্জাম সব ভাঙচুর করে। তাঁর অভিযোগ, ঘটনার সময় একাধিকবার ফোন করেও পুলিশকে পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ওই ছয় ব্যক্তিকে ভোটের আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গেই দেখা যেত।