পুবের কলম ওয়েব ডেস্ক: ঢাকায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাম না করে ‘কংস’-এর সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কংসের মতো এক ফ্যাসিস্ট শাসক দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষকে তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। শেষ পর্যন্ত সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ ও আত্মত্যাগের মাধ্যমে সেই অশুভ শক্তির পতন ঘটেছে।


শ্রীকৃষ্ণ যেমন কংসকে বধ করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রসঙ্গ টেনেই তারেক রহমান নতুন করে দেশ পুনর্গঠনের ডাক দেন। তিনি জানান, বাংলাদেশ এখন ফের গণতন্ত্রের পথে ফিরেছে। অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া একাধিক হামলার আবহে এদিন কড়া সম্প্রীতির বার্তাও দেন প্রধানমন্ত্রী।
তিনি স্পষ্ট জানান, দেশের নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভেদাভেদ না করে সবাইকে সমান ভাবে শুধুমাত্র বাংলাদেশি হিসেবেই দেখা উচিত।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানান তারেক রহমান। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতদের হাতে সম্মাননা ভাতাও তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা।