পুবের কলম প্রতিবেদক: গত মঙ্গলবার শতাব্দী প্রাচীন আনন্দবাজার পত্রিকা অফিসের প্রবেশ পথের স্তম্ভে গেরুয়া রঙ করা এবং বিক্ষোভের ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয় বলে দলের তরফে দাবি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য থেকে প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তবে ফ্যাক্ট চেকিং সংবাদ সংস্থা ‘অল্ট নিউজ’-এর তরফে প্রকাশিত এক প্রতিবেদনে বিজেপি যোগ স্পষ্ট করা হয়েছে।

প্রমোদ দুবে, সুরজ ভর্মা এবং রবি গুপ্তা নামে তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যারা সেদিনের ওই ঘটনায় যুক্ত ছিল। এরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সেই বিক্ষোভে ভিড়ের উদ্দেশে ভাষণ দিতে দেখা যায় প্রমোদ দুবেকে, অন্যদিকে সুরজ ভর্মাকে প্রবেশ পথের বাম পাশের স্তম্ভে গেরুয়া রঙ করতে দেখা যায়। জমায়েতের সঙ্গে ছিলেন রবি গুপ্তা, তিনি ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) উত্তর হাওড়া ১ মণ্ডলের সভাপতি। প্রতিবেদন অনুযায়ী, প্রমোদ এবং সুরজ উভয়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই বছরের পর বছর ধরে সক্রিয় বিজেপি কর্মী হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। তার ফেসবুক পেজে সঞ্জয় ভাটিয়া, রাকেশ সিং, কার্তিক মহারাজ, রুদ্রনীল ঘোষ, কৃষ্ণেন্দু মুখার্জী এবং সঞ্জয় সিং-সহ বেশ কয়েকজন সাংসদ বিধায়কের সঙ্গে তার ছবি দেখা গেছে। পাশাপাশি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক পোস্ট রয়েছে, যেখানে তিনি বিজেপি উত্তর হাওড়ার ব্যানারের পটভূমিতে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে জনগণের উদ্দেশে ভাষণ দিচ্ছেন।
ঘটনার পর প্রমোদ “আজ আমরা আনন্দবাজার পত্রিকা অফিস রং করেছি” ক্যাপশন দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে। শুধু তাই নয় অল্ট নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২১ সালে বিজেপি ও টিএমসি কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় প্রমোদ দুবে গুলিবিদ্ধ হয়েছিলেন। ২০২১ সালের ২৩ জানুয়ারি, বিজেপি হাওড়া সদরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে প্রমোদকে তাদের দলীয় কর্মী হিসেবে চিহ্নিত করে একটি পোস্ট শেয়ার করা হয়। সুরজ ভার্মা, তার ফেসবুক বায়োতে নিজেকে হাওড়ার ‘বিজেপি যুব নেতা’ হিসেবে পরিচয় দেন। সে নিজেই সেদিনের ঘটনার ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র প্রতিবাদ নিয়ে দেওয়া আঘাতমূলক ‘গেরুয়া সন্ত্রাস’ শিরোনামের জন্য এবিপি গ্রুপ এখনও ক্ষমা চায়নি।
আজ আমরা এবিপি-র অফিসের দেওয়াল গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছি…” অন্যদিকে সুরজ ভর্মার দেওয়াল রঙ করার বিষয়টি ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করেন রবি গুপ্তা। গত ৬ আগষ্ট হাওড়া সদর বিজেপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিজেওয়াইএম পদাধিকারীদের নামের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেখা যাচ্ছে রবি গুপ্তাকে উত্তর হাওড়া ১ স্থানীয় কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯ ও ২০ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আনন্দবাজার পত্রিকা তাদের মুদ্রিত সংস্করণে প্রকাশিত সংবাদের শিরোনাম দেয় ‘গেরুয়া গুন্ডামি’। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা। প্রসঙ্গত, এই শিরোনামের বিরুদ্ধে এর আগে কড়া বার্তাদেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই এই ঘটনা।