পুবের কলম ওয়েব ডেস্ক: মেরামতির কাজের মাঝেই নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ফের ধস নামল। এর জেরে ওভারহেড বৈদ্যুতিক খুঁটি বেঁকে গিয়ে মেরামতির কাজ বেশ কিছুটা ব্যাহত হয়েছে। শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কার কাছে নতুন করে মাটি বসে যাওয়ায় রাত ১টা ২০ মিনিট থেকে তিলডাঙা-নিউ ফরাক্কা সেকশনের আপ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে ওই রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই ঘটনার জেরে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে কাঞ্চনকন্যা, পদাতিক, দার্জিলিং মেল, গৌড় ও বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনকে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটিহার রুট-সহ অন্যান্য ঘুরপথে চালানো হচ্ছে।
এদিকে আচমকা ট্রেন বাতিলের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে সড়কপথে বাসে করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাঁদের। কিন্তু এই সুযোগে বাসের টিকিটের দাম ও বিমানের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ আর্থিকভাবে প্রবল নাজেহাল হচ্ছেন। উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার ভোররাত ৩টে ১০ মিনিট নাগাদ ফরাক্কা ব্যারেজের প্রবেশমুখে আপ লাইনে প্রথম ধস নেমে প্রায় ২০ ফুট লাইন বসে যায়। টহলরত রেলকর্মীদের তৎপরতায় সে যাত্রায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, দ্রুত মেরামতির মধ্যেই নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।