পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত রাশিয়া থেকে রুশ তেল কিনছে বলেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুক্তির কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। খোদ ইউক্রেনে বসে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়েছেন, কোন দেশ কার থেকে তেল কিনল বা কিনল না, তার সঙ্গে যুদ্ধ থামার কোনও সম্পর্ক নেই। একমাত্র আলোচনার মাধ্যমেই এই সংঘাত মেটানো সম্ভব।
আরও পড়ুন:
রুশ তেল আমদানির অপরাধে গত বছর আগস্ট মাসে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, এই তেল বিক্রির টাকায় ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া।
ভারতকে রুশ তেল কেনা বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি, ট্রাম্প প্রশাসন স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৫ পাশ করানোরও প্রস্তুতি নিচ্ছে। এই বিলে রাশিয়া থেকে তেল, গ্যাস, পেট্রোপণ্য বা ইউরেনিয়াম আমদানিকারী দেশগুলির ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সংস্থান রয়েছে।আরও পড়ুন:
২০২২ সালে যুদ্ধ শুরুর পর পশ্চিমি দেশগুলি রুশ তেল বয়কট করলেও, ভারত নিজের জাতীয় স্বার্থে সেখান থেকে কম দামে তেল কেনা চালিয়ে গিয়েছে। আমেরিকার এই খবরদারির জবাবে ট্রাম্পকে নাম না করে জয়শংকর মনে করিয়ে দিয়েছেন, ভারতের ১৪০ কোটি মানুষের শক্তির জোগান নিশ্চিত করা দেশের সরকারের দায়িত্ব। পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধের আবহেও ভারতের এই বিশাল জনসংখ্যার চাহিদার বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।