উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সভাস্থল ‘শুদ্ধকরণ’ করার অভিযোগ নিয়ে ফের সরব হল কংগ্রেস। ঘটনার প্রায় ২৪ দিন পরেও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর না হওয়ায় বিজেপির রাজ্যসভার নেতা জে পি নাড্ডাকে চিঠি দিয়েছেন খাড়্গে। পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়ার জন্য নাড্ডার কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
গত ৮ আগস্ট হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন খাড়্গে। অভিযোগ ওঠে, সভার পর বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত কয়েকজন ওই স্থান ‘শুদ্ধকরণ’ করেন।
বিষয়টি নিয়ে ১৩ আগস্ট রাজ্যসভায় সরব হয় বিরোধীরা। তখন নাড্ডা ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, বিজেপি এ ধরনের কাজকে সমর্থন করে না।আরও পড়ুন:
নাড্ডাকে লেখা চিঠিতে সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে খাড়্গে বলেন, ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআরও হয়নি। তাঁর দাবি, অস্পৃশ্যতার এই অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের এবং যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়ার জন্য নাড্ডার কাছে ফের আবেদন জানিয়েছেন তিনি।