পুবের কলম, নয়াদিল্লি: মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বৃহস্পতিবার ভারতে সরাসরি বিভিন্ন পরিষেবা ও গৃহস্থালির বিল খোঁজা, তদারকি ও পরিশোধ করার নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই ফিচারটি সহজলভ্য করা হবে। 'ভারত কানেক্ট' নেটওয়ার্কের প্রযুক্তি ব্যবহারে চালু হওয়া এই সেবার মাধ্যমে বিদ্যুৎ, রান্নার গ্যাস, জল, ফাস্ট্যাগ, ইনস্যুরেন্স, ক্রেডিট কার্ডের বিল এবং ঋণের কিস্তিসহ ৩০টি ভিন্ন বিভাগে প্রায় ২২,৭২২টি প্রদানকারী সংস্থাকে অর্থ পরিশোধ করা যাবে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের হোম স্ক্রিনের শীর্ষে থাকা টাকার আইকনে ট্যাপ করে খুব সহজেই বিল পেমেন্ট অপশনে পৌঁছাতে পারবেন গ্রাহকরা। বিগত ও আগামী বিলের বিবরণী দেখা যাবে এবং একটি নির্দিষ্ট প্রদানকারী সংস্থার অধীনে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে।

ইউপিআই-এর পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করার সুযোগ থাকবে। মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর তথা কান্ট্রি হেড অরুণ শ্রীনিবাস বলেন, "লক্ষ লাখ ভারতীয়র জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে যুক্ত থাকা, ব্যবসা সংক্রান্ত যোগাযোগ করা কিংবা মেট্রো টিকিট থেকে ইনস্যুরেন্স কেনার সবচেয়ে সহজ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। নতুন বিল পেমেন্ট ফিচারের মাধ্যমে আমরা প্রতিটি গৃহস্থালির দৈনন্দিন বিল মেটানোর কাজটিকে একটি সাধারণ বার্তা পাঠানোর মতোই সহজ করে তুলতে চাই।" বিগত দুই বছরে হোয়াটসঅ্যাপের ইউপিআই লেনদেন চার গুণেরও বেশি বেড়েছে। মেসেজিং অ্যাপ থেকে সর্বাঙ্গীন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।