পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোডে ফিরহাদ হাকিম এর মালিকানাধীন দুটি কারখানায় তল্লাশি চালালো রাজ্য সরকারের গঠিত বিশেষ দুর্নীতি বিরোধী কমিশন। এই অভিযানকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে চরিত্রহননের প্রচেষ্টা বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এদিন হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড এবং হাকিম কেমিক্যালস নামের প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী ওই দুই সংস্থায় হানা দেয়। সংশ্লিষ্ট সংস্থাগুলির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সংশয় থাকায় তদন্তকারী আধিকারিকরা কারখানার যাবতীয় নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করেন। তবে তল্লাশি চলাকালীন সময় ফিরহাদ হাকিম কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, তৃণমূল আমলের শিক্ষা, খাদ্য, পুরসভা, নিয়োগ এবং আমফান ত্রাণ সংক্রান্ত বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার লক্ষ্যেই বর্তমান রাজ্য সরকার এই বিশেষ কমিশন গঠন করেছে।আরও পড়ুন:
এই অভিযান শেষে তীব্র উষ্মাপ্রকাশ করে ফিরহাদ হাকিম জানান, যৌবনের শুরুর দিকে বেকার অবস্থায় চাকরি না পেয়ে বহু কষ্টে তিনি এই কারখানা চালু করেছিলেন। ১৯৮৫ সালে একটি পুরনো রাইস মিলের জায়গায় ভাড়ায় এই ব্যবসা শুরু করেন তিনি, যেখানে তাঁর মতো আরও অনেকেই ব্যবসা করছেন। তাঁর স্পষ্ট প্রশ্ন, একজন সাধারণ মানুষ যদি সৎ পথে ব্যবসা করে রোজগার করেন, তবে তার মধ্যে দুর্নীতির কী থাকতে পারে? এই হানা ঘিরে বর্তমানে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। আগামী দিনে এই তদন্ত থেকে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।