পুবের কলম ওয়েব ডেস্ক: বিরিয়ানির জন্য গোটা দেশে পরিচিত হায়দরাবাদে এবার খাদ্য নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ প্রশাসনের। শহরের পুরনো এলাকার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিরিয়ানি প্রতিষ্ঠান ‘শাদাব’-এর একটি আউটলেট খাদ্য নিরাপত্তা আধিকারিকেরা সিল করে দিয়েছেন বলে খবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
তেলঙ্গানায় অনুমুলা রেবন্ত রেড্ডি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহরের বিভিন্ন রেস্তরাঁ ও খাবারের দোকানে স্বাস্থ্যবিধি নিয়ে নজরদারি বাড়িয়েছে খাদ্য নিরাপত্তা দফতর। এত দিন মূলত সতর্ক করা বা নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়ার মধ্যেই অভিযান সীমাবদ্ধ ছিল।

তবে এ বার আরও কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শাদাবের ওই আউটলেটে প্রয়োজনীয় খাদ্য-স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মানা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। রান্নায় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়েও একাধিকবার অভিযোগ জমা পড়েছিল বলে দাবি করা হয়েছে। এর পরেই খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকেরা অভিযান চালিয়ে আউটলেটটি তাৎক্ষণিক ভাবে সিল করে দেন বলে খবর।
এর আগে রাস্তা দখল করে নির্মাণের অভিযোগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পুরসভার পদক্ষেপের কথা সামনে এসেছিল।
ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছিল বলেও জানা যায়। এবার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে ফের প্রশাসনের নজরে এল শহরের এই পরিচিত প্রতিষ্ঠান।
শাদাব হায়দরাবাদের অন্যতম জনপ্রিয় বিরিয়ানি গন্তব্য হওয়ায় এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসনের এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনেক বাসিন্দা। তাঁদের মতে, খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে জনপ্রিয়তা বা পরিচিতি কোনওভাবেই ছাড়ের কারণ হতে পারে না।