পুবের কলম ওয়েব ডেস্ক: ডিজিটাল দুনিয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হল। ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২১টি দেশে এক বছরে প্রায় ২ কোটি ১২ থেকে ১৭ বছর বয়সি শিশু প্রযুক্তিনির্ভর যৌন শোষণ বা নিগ্রহের মুখোমুখি হয়েছে অন্তত একবার। সংখ্যাটি ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের মধ্যকার পরিস্থিতির এক অনুমানমাত্র। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছে ইউনিসেফ।
প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি ৫০ লক্ষেরও বেশি শিশু অনলাইনে অনিচ্ছাকৃত যৌন বিষয়বস্তুর মুখোমুখি হয়েছে।

প্রায় ৯০ লক্ষ শিশুকে অনলাইনে অনাকাঙ্ক্ষিত যৌন কথোপকথন বা ব্যক্তিগত ছবি শেয়ার করার জন্য চাপ দেওয়া হয়েছে। আরও প্রায় ৪০ লক্ষ শিশুর ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়াই ছড়িয়ে পড়েছে।
ইউনিসেফ, ইন্টারপোল এবং অন্যান্য সহযোগী সংস্থার গবেষণায় ২১ হাজার শিশুর অভিজ্ঞতা ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমই এই ধরনের ঘটনার অন্যতম প্রধান ক্ষেত্র। প্রায় ৬০ শতাংশ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘটনার প্রকৃত মাত্রা বোঝার পথে বড় বাধা হল অভিযোগ না জানানো। লজ্জা, ভয়, অপরাধবোধ কিংবা কোথায় অভিযোগ করতে হবে তা না জানার কারণে বহু শিশু বিষয়টি প্রকাশ করে না। ফলে সরকারি পরিসংখ্যানেও পুরো চিত্র ধরা পড়ে না।
ইউনিসেফের বক্তব্য, শিশুদের নিরাপত্তাকে প্রযুক্তি সংস্থাগুলির নকশা ও নীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। অনলাইনে অপরিচিত প্রাপ্তবয়স্কদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ ঠেকানো, ক্ষতিকর বিষয়বস্তুর বিস্তার রোধ এবং শিশুদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাই এখন জরুরি।