উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বর্ষাকালেও পানীয় জলের সমস্যায় জেরবার দেড়শো বছরের প্রাচীন জয়নগর-মজিলপুর পৌরসভার নাগরিকরা। ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় সারা বছরই পানীয় জলের সমস্যা কমবেশি লেগে থাকে। তবে বর্তমানে একাধিক এলাকায় সেই সমস্যা আরও তীব্র আকার নিয়েছে বলে অভিযোগ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের জন্য বসানো কল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও সেগুলি মেরামতের ক্ষেত্রে পুর কর্তৃপক্ষের তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
২০২২ সাল থেকে জয়নগর-মজিলপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। নাগরিকদের অভিযোগ, পুরসভার বিভিন্ন এলাকায় ট্যাপের মাধ্যমে পানীয় জল সরবরাহও নিয়মিত হয় না। অনেক সময় দীর্ঘক্ষণ জল পরিষেবা বন্ধ থাকে। তার উপর বিভিন্ন জায়গায় পুরসভার বসানো পানীয় জলের কলও বিকল হয়ে পড়ে রয়েছে।
এক ভুক্তভোগী নাগরিকের কথায়, “এমনিতেই ট্যাপের মাধ্যমে পানীয় জল ঠিকমতো পাওয়া যায় না। বেশিরভাগ সময় জল পরিষেবা বন্ধ থাকে। তার উপর আবার পানীয় জলের কলগুলিও খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে। প্রতিদিন জলের ড্রাম কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। পুরসভা থেকে শুরু করে কাউন্সিলারদের জানানো হলেও এখনও কোনও কাজ হয়নি।”আর এক বাসিন্দার প্রশ্ন, “পুরসভা আমাদের কাছ থেকে নিয়মিত পৌর কর নেয়। তাহলে নাগরিকদের ন্যূনতম পরিষেবা পাওয়ার অধিকার নেই? পুরসভার তহবিলে টাকা না থাকলে তার দায় সাধারণ নাগরিকদের কেন নিতে হবে? দ্রুত পানীয় জলের সমস্যা সমাধান করা হোক।”এ বিষয়ে জয়নগর মজিলপুরপৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, “বর্তমান সরকার আসার পর থেকে পৌরসভার তহবিলে টাকা না আসায় আর্থিক সমস্যার কারণে পানীয় জলের কলগুলি মেরামত করতে অসুবিধা হচ্ছে। আমরা ও চাইছি দ্রুত এই বিষয়ে কিছু করতে।”পুর চেয়ারম্যানের বক্তব্যে আর্থিক সমস্যার কথা উঠে এলেও নাগরিকদের প্রশ্ন, তহবিলের সমস্যার কারণে দিনের পর দিন কেন পানীয় জলের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত হবে?পুরসভার নিজস্ব উদ্যোগে বিকল কল গুলি দ্রুত মেরামত করে স্বাভাবিক জল পরিষেবা নিশ্চিত করার দাবি উঠেছে।নাগরিক দের বক্তব্য, রাস্তা, নিকাশি বা আলো নিয়ে সমস্যা থাকলে কিছুটা সময় অপেক্ষা করা যায়। কিন্তু পানীয় জল মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন।তাই এই পরিষেবাকে কোনও ভাবেই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বর্ষার সময় পানীয় জলের পরিষেবা ব্যাহত হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। জয়নগর মজিলপুরের বিভিন্ন ওয়ার্ডে একাধিক পানীয় জলের কল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। এখন পুর কর্তৃপক্ষ কবে এই কলগুলি মেরামত করে জল পরিষেবা স্বাভাবিক করে, সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।