পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে কলকাতা থেকে গোরক্ষপুরগামী একটি ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়াল। বিমানটি ওড়ার ঠিক আগে পাইলট সেটির শৌচালয়ে একটি চিরকুট দেখতে পান। তাতে লেখা ছিল যে, বিমানে বোমা রয়েছে। এই খবর জানাজানি হতেই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
চিরকুটটি দেখার পরেই পাইলট দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয়। এরপর সিআইএসএফ জওয়ান, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগের সাহায্যে গোটা বিমানে চিরুনি তল্লাশি শুরু হয়।
বিমানবন্দর সূত্রে খবর, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তিনিই ওই চিরকুটটি রেখেছিলেন কি না বা বিমানে সত্যিই কোনও বিস্ফোরক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই তল্লাশি অভিযানের জেরে নির্দিষ্ট সময়ে বিমানটি গোরক্ষপুরের উদ্দেশে রওনা দিতে পারেনি। বারবার ইন্ডিগো বিমানে এই ধরনের ঘটনা ঘটায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।