পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকেই প্রবল বোমাতঙ্কে থমথমে হয়ে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সরকারি দফতরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একটি উড়ো ইমেলকে কেন্দ্র করে সোমবার (৬ এপ্রিল) সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
 
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে চণ্ডীগড়ের বেশ কিছু স্কুল এবং সরকারি অফিসের অফিশিয়াল ইনবক্সে একটি ইমেল আসে। সেখানে দাবি করা হয়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ভবনগুলিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে।

ইমেলটি পাওয়ার পরপরই স্কুল কর্তৃপক্ষগুলো পুলিশে খবর দেয় এবং পড়ুয়াদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
 
হুমকিবার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে চণ্ডীগড় পুলিশ ও স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি ভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড নিয়ে সংশ্লিষ্ট স্কুল ও অফিসগুলোতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
 
স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়তেই আতঙ্কিত অভিভাবকরা সন্তানদের নিতে স্কুলের গেটে ভিড় জমান। অনেক জায়গায় পঠনপাঠন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। প্রতিটি কোণ তল্লাশি করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি কোনো বড় ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে বলে মনে করা হলেও, নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হচ্ছে না।"