পুবের কলম ওয়েব ডেস্ক: নিট বিক্ষোভকারীর বাবাকে মারধরের কথা প্রকাশ্যেই স্বীকার করে ফের হামলার হুমকি দিয়েছিলেন। এরপরই বাইকে চেপে দিল্লি থেকে পালানোর চেষ্টা করেন সমাজমাধ্যম প্রভাবী তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজ। তবে শেষরক্ষা হল না। পালানোর কিছুক্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে তাঁকে আটক করল দিল্লি পুলিশ।
সম্প্রতি একটি পডকাস্টে স্বতন্ত্র দম্ভভরে স্বীকার করেছিলেন যে, তিনি নিশু আজাদ নামে এক নিট বিক্ষোভকারীর বাবাকে হাতের ভারী বালা দিয়ে মারধর করেছেন।
এই পডকাস্ট ও হুমকির খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী-সমর্থকরা। অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবিতে শুক্রবার সকালে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের নেতৃত্বে বহু মানুষ পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁদের দীর্ঘ আলোচনা হয়। আইনজীবীদের মাধ্যমে পুলিশ সিজেপি নেতৃত্বকে আশ্বাস দেয় যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। পাশাপাশি তাঁর বিতর্কিত পডকাস্টটিও তদন্তের আওতায় আনা হবে।
গ্রেফতারির দাবি জোরালো হতে এবং পুলিশের তৎপরতা শুরু হতেই বাইকে চেপে তড়িঘড়ি দিল্লি ছাড়েন স্বতন্ত্র। তবে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের একটি দল উত্তরপ্রদেশের বুলন্দশহর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রভাবীকে আটক করতে সক্ষম হয়।