পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে নেওয়ার প্রতিবাদে এ বার সুপ্রিম কোর্টে গেল কালীঘাট শিবির। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হলেও আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়েছিল, বিলবোর্ড যেহেতু ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে, তাই পুনরায় তা লাগানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়।

তা ছাড়া, বিলবোর্ড খোলার সময় উপস্থিত পুরসভা ও পুলিশের আধিকারিকদের পরিচয় জানার যে আবেদন তৃণমূল করেছিল, তার সপক্ষেও পর্যাপ্ত প্রমাণ আদালতে পেশ করা হয়নি। পাশাপাশি, ভবনের মালিকও হাই কোর্টকে জানান যে তাঁর অনুমতি ছাড়াই ওই বিলবোর্ড লাগানো হয়েছিল।
ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে। দিন কয়েক আগে সেখান থেকে বিপজ্জনক অবস্থায় থাকা একটি বিলবোর্ড খুলতে গিয়ে পুরসভার আধিকারিক ও পুলিশের সঙ্গে অভিষেক অনুগামীদের বচসা এবং হাতাহাতি হয়।
কালীঘাট শিবিরের অভিযোগ, তাদের কোনও কথা না শুনেই তাড়াহুড়ো করে বিলবোর্ডটি খুলে দেওয়া হয়েছে।
এই টানাপোড়েনের মধ্যেই শুক্রবার দমকল বিভাগের তরফে ভবনের মালিককে অভিষেকের ওই দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। দমকলের অভিযোগ, সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, তাই জনস্বার্থে ভবনের ওই দু'টি তল দ্রুত খালি করা প্রয়োজন। অন্য দিকে, গত বৃহস্পতিবার ভোরে ওই দফতরে একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়ে তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই হামলার জন্য কালীঘাট শিবির বিজেপিকে দায়ী করলেও তারা সেই অভিযোগ অস্বীকার করেছে। মারধরের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে।