পুবের কলম ওয়েবডেস্ক :
কবি নবীনচন্দ্র সেন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক মিলনের স্মৃতিকে স্মরণ করে রানাঘাটে পালিত হল ‘কবি মিলন উৎসব’। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য ও বক্তব্যের মধ্য দিয়ে দুই কবির সাহিত্য-স্মৃতি ও রানাঘাটের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক মুহাম্মদ সুবুর খান, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অসীম সরকার, অতিরিক্ত জেলাশাসক দেবজিত বসু-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের এক পর্বে বক্তা শুভদীপ বন্দ্যোপাধ্যায় রানাঘাটের সঙ্গে কবি নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এই ধরনের উৎসব নতুন প্রজন্মের কাছে বাংলার সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় ইতিহাস পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পীদের গান ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। কবিতা পাঠ ও বক্তব্যের মধ্য দিয়েও ফুটে ওঠে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা। উৎসব ঘিরে স্থানীয় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ-উদ্দীপনা।

রানাঘাটের সঙ্গে কবি নবীনচন্দ্র সেনের সম্পর্কও এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। কর্মসূত্রে একসময় তিনি রানাঘাট মহকুমার শাসকের দায়িত্বে ছিলেন। সেই সময়েই ১৮৯৪ সালে তাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়। দুই কবির সেই ঐতিহাসিক সাক্ষাতের স্মৃতিকে কেন্দ্র করেই রানাঘাটে এই সাংস্কৃতিক উদ্যোগ। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিসরকে আরও সমৃদ্ধ করাই উৎসবের মূল লক্ষ্য।