পুবের কলম ওয়েব ডেস্ক:বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার দায়ের করা অভিযোগের তদন্তে এবার পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই অভিযোগটি পুনরায় খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
কুণাল তাঁর পোস্টে জানান, ওই মহিলার অভিযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথিপত্র তিনি নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছিলেন। তাঁর সেই চিঠির ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মামলাটির পুনরায় তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।
রাজ্য সরকার এই ঘটনায় বিরোধী দলনেতাকে আড়াল করবে না বলেই তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনও আধিকারিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। চিঠির গুরুত্ব বুঝে যথাযথ নির্দেশ দেওয়ার জন্য কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শেষে ঋতব্রতকে কটাক্ষ করে তিনি বলেছেন, এই তদন্তের চাপ থেকে বাঁচতে বিরোধী দলনেতা এবার দিল্লির নেতাদের দ্বারস্থ হবেন।