পুবের কলম ওয়েবডেস্ক, বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ সামরিক বিস্ফোরণ ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা শহরটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের একটি নির্দিষ্ট এলাকায় এই সামরিক বিস্ফোরণ সংঘটিত হয়।

যদিও ঘটনার সঠিক কারণ এখনো উদঘাটিত হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই মূলত এই বিপত্তি ঘটেছে।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে, এই ঘটনায় নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৬২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই সামরিক বিস্ফোরণ এর ফলে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অধিকাংশ বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ আহতদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার জন্য সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। নেব্রাস্কা আরও বলেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করেছেন। এতে আবারও বিস্ফোরণের ঝুঁকি থাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।