তিন বছরেরও কম সময়ে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির দাবি, সাম্প্রতিক ইতিহাসে এত বিপুলসংখ্যক মানুষের নিজ দেশে ফিরে যাওয়ার ঘটনা নজিরবিহীন। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্বেচ্ছায় ফিরে যাওয়ার পাশাপাশি জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর বলেছে, প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রতিটি ফেরত যাওয়া যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি।

সংস্থাটি দেশভিত্তিক সুনির্দিষ্ট হিসাব প্রকাশ না করলেও জানিয়েছে, ফিরে যাওয়া আফগানদের বড় একটি অংশ প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে এসেছেন।

ইউএনএইচসিআরের হিসাবে, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকেই প্রায় ২১ লাখ আফগান দেশে ফিরেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুনে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে প্রত্যাবাসন কর্মসূচি শুরুর পর ২৪ লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে দেশে ফিরে গেছেন।

১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর দীর্ঘ সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লাখ লাখ আফগান পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়েছিলেন।

বর্তমানে পাকিস্তানে ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছেন। এর বাইরে অনিবন্ধিত আফগান নাগরিকের সংখ্যাও ১০ লাখের বেশি বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়।

এত বিপুলসংখ্যক মানুষের দেশে ফেরার পর তাঁদের জন্য বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য ও মৌলিক পরিষেবা নিশ্চিত করা আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিরে যাওয়া মানুষদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর রাখার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।