পুবের কলম ওয়েব ডেস্ক: হড়পা বানের জেরে টানা ন’দিন সুড়ঙ্গের অন্ধকারে আটকে থাকার পর নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প থেকে দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করল নেপালি সেনাবাহিনী। শুক্রবার সকালে সঞ্জয় শাহ এবং কবীর মহাজন নামে ওই দুই কর্মীকে বের করে আনা হয়। সঞ্জয় ওই প্রকল্পের মেকানিক্যাল ফোরম্যান এবং কবীর সুপারভাইজার। কন্ট্রোলরুমে থাকা অন্য কর্মীদের বাঁচাতে গিয়েই তিনি নিজে আটকে পড়েছিলেন বলে সঞ্জয় জানিয়েছেন।

সব থেকে বড় আশার কথা হলো, উদ্ধার হওয়া শ্রমিকরা জানিয়েছেন, এখনও সুড়ঙ্গের ভিতর থেকে অন্তত তিন-চারজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে।
অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ত্রিশূলী বাজার এলাকা থেকে একই পরিবারের তিন ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার এবং তাঁদের পাঁচ বছরের সন্তান সমর্থ অভিজিৎ পওয়ার। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাহায্যে তাঁদের আকাশপথে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৬৯ জন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে রাসুয়ার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দু'টি মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নেপালে হড়পা বানের জেরে মোট ১২৫৯ জনের দেহ উদ্ধার হয়েছে এবং পাঁচ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ। কাদা ও পাথরে ঢাকা সুড়ঙ্গগুলির সঠিক অবস্থান জানতে এবং উদ্ধারকারী দলকে প্রযুক্তিগত সাহায্য করতে বর্তমানে ৫০০ জন ইঞ্জিনিয়ারের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।