গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে ঋণ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি না করার জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিকে বার্তা দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য, ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে ব্যাংকগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

২০২৯ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলে ৬ কোটি ‘লাখপতি দিদি’ তৈরি করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ কোটি। ফলে আগামী তিন বছরে আরও ৩ কোটি মহিলাকে এই তালিকায় আনতে হবে।

তবে পরবর্তী পর্যায়ের কাজ যে তুলনামূলক কঠিন, তা স্বীকার করেছেন মন্ত্রী।

শিবরাজ জানান, প্রথম তিন কোটি মহিলার অনেকেই ইতিমধ্যে বছরে ৬০ থেকে ৮০ হাজার টাকা উপার্জন করছিলেন। কিন্তু পরবর্তী তিন কোটি মহিলার বড় অংশের বার্ষিক আয় ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে। তাঁদের আয় এক লক্ষ টাকায় পৌঁছে দিতে প্রয়োজন সহজে ঋণ পাওয়ার সুযোগ।

সম্প্রতি সরকারি-বেসরকারি ব্যাংকের আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং RBI ও NABARD-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ব্যাংকগুলিকে ঋণপ্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার আহ্বান জানান তিনি। শিবরাজের স্পষ্ট বার্তা, গ্রামের মহিলাদের উদ্যোগ সফল করতে অর্থের জোগান নিশ্চিত করতেই হবে।