পুবের কলম ওয়েব ডেস্ক: শিক্ষক দিবসেই বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। রাতের অন্ধকারে কে বা কারা মূর্তিটি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছে, তা নিয়ে এলাকায় তুমুল শোরগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিদ্যাসাগর উদ্যানে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সেটির উন্মোচন করেছিলেন তৎকালীন কাউন্সিলর মুজাফ্ফর আহমেদ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্কটিতে প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের কোনও নজরদারি ছিল না। ফলে গোটা পার্কটি জঙ্গলে পরিণত হয় এবং রক্ষণাবেক্ষণের অভাবে মূর্তিটিরও বেহাল দশা হয়েছিল। পুরসভার এই চরম উদাসীনতার মাঝেই মূর্তি ভাঙচুরের এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
পাশাপাশি, মূর্তিটি দ্রুত আগের জায়গায় সসম্মানে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে কলকাতায় একটি রাজনৈতিক দলের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়েছিল। সেই সময় মূর্তি ভাঙার দায় নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজাও চরমে উঠেছিল। বারুইপুরের এই ঘটনা সেই পুরনো স্মৃতিকেই যেন ফের উসকে দিল।