পুবের কলম ওয়েবডেস্ক, কেরলের ত্রিশূর জেলায় শুক্রবার গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তামিলনাড়ুর আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। কৈপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে তাঁদের গাড়ি সজোরে ধাক্কা মারে। রাত প্রায় ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর নম্বরের গাড়িটি গুরুভায়ুর থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। ওই এলাকায় তখন সড়ক নির্মাণের কাজ চলছিল।

সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিকে গাড়িটি ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে আটকে পড়েন যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির ধ্বংসস্তূপ কেটে যাত্রীদের বের করা হয়। সাতজন ঘটনাস্থলেই মারা যান।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক পড়ুয়ার মৃত্যু হয়।

নিহতরা তামিলনাড়ুর ডিণ্ডিগুলের পিএসএনএ ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে এক পড়ুয়ার পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। কম দৃশ্যমানতার কোনও ভূমিকা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পড়ুয়াদের পরিবার ও কলেজে।